নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
সংসদে যাওয়া হচ্ছে না সরকারি চাকরি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়া মনিরা শারমিনের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।
যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত একটি ব্যয়বহুল যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। তবে তেহরান তাকে এই কূটনৈতিক জয় সহজে উপহার দিতে রাজি নয় বলে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে।
দুই মাসে সরকারের কত ধরনের কার্ডের সঙ্গে পরিচিত হলো মানুষ!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই চালু করা হয় ফ্যামিলি কার্ড। এর পাশাপাশি গত দুই মাসে আরও কয়েকটি নতুন কার্ড বা কার্ডভিত্তিক উদ্যোগ আলোচনায় এসেছে। চলুন, জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে—
ঢাকায় লোডশেডিং করার সিদ্ধান্ত
চলমান তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে জাতীয় সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বৈষম্যহীন নীতি অনুসরণের লক্ষ্যে গ্রামের কৃষকদের সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া গুনতে হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয় বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর সরকার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।



