গাড়ি চাওয়া নিয়ে সংসদে নিজের অবস্থান পরিষ্কার করলেন হাসনাত আব্দুল্লাহ
গাড়ি চাওয়া নিয়ে সংসদে অবস্থান পরিষ্কার হাসনাতের

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাওয়া নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। আলোচনা-সমালোচনা, দুটোই হচ্ছে বিষয়টি নিয়ে। এবার গাড়ি চাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই সংসদ সদস্য, তাও আবার জাতীয় সংসদে। জানিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন চেয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) বিকালে প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে নিজের অবস্থান সম্পর্কে জানান হাসনাত। তিনি বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের একটি গাড়ি ব্যবহার করতে দেওয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।”

হাসনাত বলেন, “সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। আমাদের ৭০ হাজার টাকা কিন্তু গাড়ি মেইনটেনেন্সের জন্য পাচ্ছি। কিন্তু, আমাদের গাড়ি নেই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনসিপির এই সংসদ সদস্য বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা আমরা নেব না।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার উপজেলায় সংসদ সদস্যদের জন্য অফিস পাওয়ার খবর শুনে সংসদে দাঁড়িয়ে চলাচলের জন্য গাড়ি চান হাসনাত আব্দুল্লাহ। এতে সাই দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ