জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। বাজেট নিয়ে আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। আজ রোববার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিকেল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) শুরু হয়েছে। ১১ জুন সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রস্তাব করা হয়, ২৭-৩০ জুন এ চার দিন প্রতিদিন দুই বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
প্রশ্ন ও নোটিশের সংখ্যা
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।



