বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতিতে ব্যাংকগুলো শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। কারণ বিগত দিনে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব বিষয়ে সংসদে কথা বলতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্রিফিং
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নারী এমপিদের ভূমিকা প্রসঙ্গে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা এসব বিষয়ে সংসদে কথা বলবেন এমন প্রত্যাশা রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবেন। গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সে ক্ষেত্রে নারী ক্ষমতায়ন ও সংসদে অধিক সংখ্যক নারী সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে আসার প্রত্যাশা করি।”
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রসঙ্গ
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ও গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। অনেক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।”
এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।



