পটুয়াখালী সদর উপজেলার মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ
স্ট্যাটাসে ইব্রাহিম লেখেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধি থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি সংগঠনের সব কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি আরও লেখেন, দেশের সেবা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও দীর্ঘ চিন্তাভাবনার ফল বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত বক্তব্য
এ বিষয়ে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা- এটি আমার কাছে ভালো লাগছিল না এবং এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।
সংগঠনের প্রতিক্রিয়া
মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের বলেন, সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে পর্যাপ্ত সময় প্রয়োজন হয়। পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় আলোচনা সাপেক্ষেই ইব্রাহিম অব্যাহতি নিয়েছেন। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে।



