রাজধানীর সেগুনবাগিচায় গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় অংশগ্রহণকারীরা বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত এবং লালন আশ্রমে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আগামী ৭ জুন জাতীয় সংসদ ভবনের সামনে সম্মিলিত গণপ্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সভায় আলোচিত বিষয়
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। গণতান্ত্রিক অধিকার কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক হারুন উর রশীদ, শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু, চিকিৎসক নাজমুস সাকিব, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চলচ্চিত্রনির্মাতা আকরাম খান, কাজী আলাউদ্দীন, একরামুল হক, রাজনৈতিক কর্মী রাফিকুজ্জামান ফরিদ, সীমা দত্ত, জয়দীপ ভট্টাচার্য, অনুপ কুণ্ডুসহ অন্যরা।
চলচ্চিত্র প্রদর্শনী স্থগিতের প্রতিবাদ
সভায় গত ২৯ মে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় কিছু গোষ্ঠীর চাপে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী স্থগিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা অবিলম্বে বৃহৎ পরিসরে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজনের দাবি জানান।
লালন আশ্রমে হামলার নিন্দা
এ ছাড়া ২ জুন মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি ও আশ্রম দখলকে কেন্দ্র করে ‘পদ্মহেম ধাম’ লালন আশ্রমে হামলার ঘটনারও নিন্দা জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, জাহাঙ্গীর মাদবরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আশ্রমটির প্রতিষ্ঠাতা ও প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান ফটোজার্নালিস্ট কবির হোসেন এবং তাঁর ভাই তকবির হোসেনকে গুরুতর জখম করেছে। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সভা থেকে।
বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদ
সভায় বক্তারা বলেন, আগের সরকারের ধারাবাহিকতায় দুর্নীতি ও অযৌক্তিক চুক্তির পথ খোলা রেখে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর নতুন করে বোঝা চাপানো হয়েছে। তাঁদের মতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটের মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর বিভিন্ন সুযোগ থাকা সত্ত্বেও সেগুলো গ্রহণ না করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা গণবিরোধী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
আগামী ৭ জুনের কর্মসূচি
সভা থেকে আগামী ৭ জুন বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আয়োজিত সম্মিলিত গণপ্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।



