সরকার ঘোষিত পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে আগামী সোমবার (২৫ মে) থেকে। এর আগে রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে নির্ধারিত হয়েছে। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছুটির সময়সূচি
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। শুরুর দিকে ঈদকে সামনে রেখে ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৬ ও ২৭ মে ঈদের আগের ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে ঈদের পরের ছুটি রাখা হয়। পাশাপাশি ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি রয়েছে।
ছুটি বাড়ানোর সিদ্ধান্ত
তবে ঈদযাত্রার চাপ ও ভোগান্তির বিষয় বিবেচনায় পরে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সিদ্ধান্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার বিষয়ও চূড়ান্ত করা হয়। পরে ১৪ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
জরুরি সেবা চালু থাকবে
ছুটির মধ্যেও জরুরি সেবা চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ খাতের কর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।



