স্কুলছাত্র ইথান হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী অপু গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার
স্কুলছাত্র হত্যাচেষ্টায় শীর্ষ সন্ত্রাসী অপু গ্রেফতার

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ অপুকে (৪৮) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে লক্ষ্মীপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

ঘটনার পটভূমি

গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপের’ মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুইপক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

মামলা ও গ্রেফতার

গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু ও সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ইতোপূর্বে গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ ঘটনার সঙ্গে জড়িত জামসেদ হোসেন শ্রাবণ (২২), আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমনকে (১৯) গ্রেফতার করে। তারা বর্তমানে কারাগারে আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপুর পলায়ন ও গ্রেফতার

ডিবির একটি সূত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার পর থেকে তিনি কুমিল্লার বাইরে প্রতি দিন অবস্থান পরিবর্তন করতেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদের পর ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেয় অপু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা সদরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী অপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক চোরাচালানসহ ২৮টি মামলা রয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”