রাজধানীতে কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’র তিন সদস্য গ্রেফতার
রাজধানীতে কিশোর গ্যাং ‘ভইরা দে’র তিন সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার হওয়া অন্য দু’জন হলেন- আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।

অভিযানের বিবরণ

বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি মিরপুর-পল্লবী এলাকায় বিভিন্ন কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ অন্যতম।

অপরাধের ঘটনা

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবীর একটি এলাকায় পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ইমনসহ ৭-৮ জন এ ঘটনায় জড়িত ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্যাংয়ের কার্যক্রম

র‍্যাব আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রুপ এলাকায় সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেফতার ও পরবর্তী ব্যবস্থা

ঘটনার পর র‍্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ