চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যৌথ অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ আবু বকর নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।
অভিযানের বিবরণ
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্ধারকৃত মুদ্রা
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এর যাত্রী আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে ছিল ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ আমিরাতি দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল।
আইনানুগ ব্যবস্থা
বৈদেশিক মুদ্রা পাচারের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং তদন্ত অব্যাহত রেখেছে।



