পথকুকুর জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ী গ্রেপ্তার
পথকুকুর জখম: ফার্নিচার ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. স্বপন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে বকশিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত স্বপন নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে।

প্রধানমন্ত্রীর নজরে আসার পর মামলা

জানা যায়, গতকাল প্রধানমন্ত্রীর নজরে আসার পরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী মো. স্বপনকে অভিযুক্ত করা হয়েছে।

কুকুরটি উদ্ধার ও চিকিৎসা

মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় দুই ব্যক্তি এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধারকারীদের দাবি, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেয়। চিকিৎসার পর কুকুরটি কিছুটা সুস্থ হয়ে ওঠে।

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া

ডিবির ওসি ইকবাল বাহার জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ