জুয়া প্রতিরোধ আইনে প্রথম মামলা চুয়াডাঙ্গায়, আসামি ১৮ জন
জুয়া প্রতিরোধ আইনে প্রথম মামলা চুয়াডাঙ্গায়

দেশে সদ্য কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর আওতায় প্রথম মামলা দায়ের হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার (৪ জুলাই) দায়ের হওয়া এই মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নতুন জুয়া আইনের এটিই সারাদেশের মধ্যে প্রথম মামলা বলে জানানো হয়েছে।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের সময় পুলিশের একটি টহলদল জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডে বাজি ধরে জুয়া খেলা চলছে বলে সংবাদ পায়। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি ক্যারাম বোর্ডসহ সরঞ্জামাদি জব্দ করে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৮, ১৯ ও ২০ ধারায় ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনের বিধান

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘গত ১ জুলাই থেকে সারাদেশে নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হয়েছে। আধুনিক ও ডিজিটাল অপরাধ দমনে এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ-ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ