নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশসহ ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা দুই রাউন্ড গুলি ছোড়ে। শনিবার (১৪ জুন) রাতে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। পরে পুলিশ গভীর রাত পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চিরুনি তল্লাশি চালায়। গুলি বিনিময়ের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তার ও হামলার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অভিযানে জাহিদ গ্রুপের শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪) নামে তিনজনকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।
আহতদের তালিকা
এতে আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছে পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।
পুলিশের বক্তব্য
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফাইটার মনির ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা শটগানের দুটি গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পূর্বের ঘটনা
এর আগে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় র্যাবের গোয়েন্দা দলের ওপর মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছিল। এতে র্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছিলেন। পরে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল।



