নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে
নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাসুদ রানা (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে তালতলা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। নিহত মাসুদ রানা উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

নিখোঁজের ঘটনা ও স্ত্রীর অভিযোগ

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার (২৯ জুন) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুদ রানা। তিনি বলেন, “আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

সুমা আক্তার দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে মাসুদ রানাকে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়া হয়। তিনি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ