আড়াইহাজারে অটোরিকশাচালককে ছুরিকাঘাত হত্যা, অটোরিকশা ছিনতাই
আড়াইহাজারে অটোরিকশাচালক হত্যা, অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. হারুণ। তিনি পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. অলিউল্লাহর ছেলে।

ঘটনার বিবরণ

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন হারুণ। পরে রাত গভীর হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবার চিন্তিত হয়ে পড়ে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। কোনো উপায় না পেয়ে সোমবার (৬ জুলাই) সকাল থেকে পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করতে থাকেন।

পরে সোমবার বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও হারুণের পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হারুণের বলে শনাক্ত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানার পরিদর্শক রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হারুণকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাম চোখ ওপড়ানো ছিল।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়রের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ