রাজশাহীতে তেল মজুত করে চড়া দামে বিক্রি, ক্রেতা সেজে এনএসআই ধরে ফেলল
রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রি করতেন এক ব্যক্তি। ক্রেতা সেজে গিয়ে তাকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক অভিযুক্ত রাকিব হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিস্তারিত বিবরণ
রাকিব হাসান মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহানগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
অবৈধ কার্যক্রমের পদ্ধতি
ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুত করতেন। সেখান থেকে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করতেন।
এনএসআইয়ের নজরদারি ও অভিযান
এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে এ বিষয়ে নজরদারি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এ সময় হাতেনাতে তাকে ধরে তেল জব্দ করা হয়।
অনুমান ও ভবিষ্যৎ পদক্ষেপ
ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে এনএসআইয়ের ধারণা, রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুত ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।



