জাদুঘরে অর্থ আত্মসাতের অভিযোগ: সাবেক সংস্কৃতি উপদেষ্টা ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
জাদুঘরে অর্থ আত্মসাত: ফারুকীসহ গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জাদুঘরে অর্থ আত্মসাতের অভিযোগ: ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

জাতীয় জাদুঘর, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং জিয়া স্মৃতি জাদুঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র-জনতা নামে একটি সংগঠন।

শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধন

বুধবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক আবু তৈয়ব হাবিলদারের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় জাদুঘরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অভিযুক্তদের তালিকা ও দাবি

মানববন্ধনে বক্তারা সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী, স্থপতি মেরিনা তাবাসসুম, জাদুঘরের মহাপরিচালক, কথিত সমন্বয়ক তানজিম বিন ওহাব এবং প্রশাসন ও অর্থ বিভাগের সচিব সাদিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা বলেন, জাদুঘর রাষ্ট্র ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষাও নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অনিয়মের বিস্তারিত অভিযোগ

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার, ব্যাকডেটেড কাগজপত্র, অস্বাভাবিক ব্যয় দেখানো, একই কাজের একাধিক বিল উত্তোলন এবং পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ বণ্টনের মতো অনিয়ম হয়েছে, যা সুসংগঠিত আর্থিক জালিয়াতির ইঙ্গিত দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ড উপেক্ষা করা হয়েছে, যা দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে।

ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এ সময় আয়োজকরা অভিযোগ করেন, মানববন্ধনের আগে প্রদর্শনের জন্য আনা একটি ব্যানার জাদুঘর কর্তৃপক্ষ ছিনিয়ে নেয় এবং তা ফেরত দেওয়া হয়নি। তারা এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

মানববন্ধন থেকে উত্থাপিত দাবি

মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • অভিযোগগুলোর নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত
  • অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • তদন্ত চলাকালে জিজ্ঞাসাবাদ
  • রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা

বক্তাদের তালিকা

কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু তৈয়ব হাবিলদার, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের সভাপতি জালিস মাহিমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন শফিকুর রহমান রুমমান, আবদুল্লাহ আল হোসাইন, ফুয়াদ স্বনম, আমিনুল ইসলাম ইমন, তরিকুল ইসলাম, আজগর হোসেন জিহাদ, মুজাহিদ ইব্রাহিম, ইয়াকুব হোসেন লিমন, খন্দকার মারুফ হোসেন ও মোজাম্মেল হোসেনসহ অন্যরা।

ছাত্র জনতার ঐক্য মঞ্চের আহ্বায়কের বক্তব্য

ছাত্র জনতার ঐক্য মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল হোসাইন বলেন, জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার দাবি, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, জাদুঘর সংশ্লিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছেন এবং প্রকল্পের নামে বিভিন্ন অনিয়ম করেছেন।