চাঁদাবাজি নিয়ে মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ টিআইবি, প্রধানমন্ত্রীর কাছে দলীয় শুদ্ধিকরণের আহ্বান
চাঁদাবাজি মন্তব্যে ক্ষুব্ধ টিআইবি, দলীয় শুদ্ধিকরণ চাইল

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের চাঁদাবাজি সংক্রান্ত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে।

মন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন' হিসেবে উল্লেখ করে পরিবহনমন্ত্রী একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অজুহাত খুঁজেছেন। তিনি বলেন, মন্ত্রীর এ ধরনের মন্তব্যে টিআইবি গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে।

দুর্নীতিবিরোধী অঙ্গীকারের বিপরীত অবস্থান

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা তিনিসহ মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্য দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী যে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত।' তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতিহার ও সরকারপ্রধানের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে।

তিনি বলেন, 'মাত্র ৪৮ ঘণ্টাও অতিবাহিত না হতেই মন্ত্রীর পরিবহন খাতের ক্যান্সার চাঁদাবাজির সুরক্ষাপ্রয়াসী এ মন্তব্য খুবই হতাশাজনক। এর মাধ্যমে মন্ত্রী তার নিজ দলের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও সরকারপ্রধানের দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থানকে অবমূল্যায়ন করেছেন।'

চাঁদাবাজির সংস্কৃতিকে সমর্থনের অভিযোগ

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 'তিনি যেভাবে সড়ক ও পরিবহন খাতের বিদ্যমান চাঁদাবাজির সংস্কৃতিকে ইতিবাচকভাবে ব্যাখ্যাসহ পক্ষাবলম্বন ও সমর্থন করেছেন, তাতে স্পষ্টতই তিনি একটি অনৈতিক ও যোগসাজশের দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। যার সরাসরি ভুক্তভোগী এদেশের পরিবহন খাতসংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ।'

তিনি আরো বলেন, 'শুধু তাই নয়, মালিক ও শ্রমিক কল্যাণকে যেভাবে এখানে বৈধতার অজুহাত বা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বরং এ খাতে বিরাজমান দীর্ঘদিনের বিশৃঙ্খল ও নৈরাজ্যপূর্ণ ব্যবস্থাকে সুরক্ষাসহ চলমান রাখার অপতৎপরতার শামিল।'

বিভিন্ন খাতে প্রসারের শঙ্কা

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'সড়কে চাঁদাবাজিকে সমঝোতার নামে গ্রহণযোগ্যতা দেওয়া হলে বিআরটিএ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, আইন-শৃঙ্খলা, বিচার, পাসপোর্ট, ভূমি, প্রশাসন ইত্যাদি সেবার পাশাপাশি সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, ব্যাংক, বিদ্যুতসহ অন্য সব খাতেও একই তত্ত্বের ধারাবাহিক প্রয়োগ ও প্রসার কীভাবে নিয়ন্ত্রিত হবে? সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসবে।'

তিনি বলেন, 'নবগঠিত সরকার দুর্নীতি প্রতিরোধ ও কার্যকর নিয়ন্ত্রণে তাদের নির্বাচনি ইশতেহারসহ বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বারংবার যে ঘোষণা দিয়েছে, তা যদি ফাঁকা বুলি কিংবা শুধু জনতুষ্টি অর্জনের লক্ষ্যে না হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করা এবং যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রীর দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।'

অতীতের অভিজ্ঞতার স্মরণ

অতীতের কথা স্মরণ করিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বর্তমান সরকারের ভুলে যাওয়ার কথা নয় যে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে একই তত্ত্বের ওপর ভিত্তি করে পতিত কর্তৃত্বপরায়ণ সরকারের সড়কমন্ত্রীও সড়কে চাঁদাবাজিকে বৈধতা দিতে উদ্যোগ নিয়েছিলেন। আত্মঘাতী বিবেচনায় টিআইবি যার জোরালো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিল। নবগঠিত সরকারও একই পথে হাঁটছে বলে শঙ্কায় আছে টিআইবি। এ কারণে সংস্থাটি হতাশ।'

প্রধানমন্ত্রীর প্রতি জরুরি আহ্বান

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনার প্রতি ইতোমধ্যে দেশবাসীর যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার ওপর পরিপূর্ণ আস্থা নিশ্চিত করার জন্য, আপনার পরিকল্পনায় নিজ দলের নেতাকর্মীদের একাংশের আত্মঘাতী পথ রোধকল্পে দলীয় শুদ্ধিকরণ ও সংস্কারকে সর্বোচ্চ প্রাধান্য দিন। অন্যথায় দেশবাসী হতাশ হবে।'

তিনি বলেন, 'এর কারণে বিকল্পের খোলসে এমন শক্তি লাভবান হবে যাদের ভাবাদর্শ, দীক্ষা ও অভীষ্ট বায়ান্ন থেকে একাত্তর হয়ে চব্বিশ পর্যন্ত রক্তের বিনিময়ে লালিত বাংলাদেশের মৌলিক চেতনা ও আত্মপরিচয়ের সঙ্গে ভয়াবহ মাত্রায় সাংঘর্ষিক। সঠিক প্রাধান্য নির্ধারণের এখনই সময়।'

টিআইবির এ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, কর্তৃত্ববাদ পতনের পর দেশব্যাপী যেভাবে বহুমাত্রিক চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির হাতবদলের মহোৎসব হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, মন্ত্রীর এ অবস্থান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সংস্থাটি এ জাতীয় দুর্নীতি সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে দলীয় শুদ্ধিকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।