বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার সামাজিক বিশ্লেষণ
বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার সামাজিক বিশ্লেষণ

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ সংক্রান্ত মামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন তদন্ত সংস্থায় কাজ করার বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের হওয়া ধর্ষণ মামলার প্রায় ৯৫ থেকে ৯৬ শতাংশই কোনো না কোনোভাবে প্রেমের সম্পর্ক, বিয়ের আশ্বাস কিংবা প্রতারণামূলক আবেগীয় সম্পর্কের সঙ্গে জড়িত। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কের শুরুতে দুই পক্ষের পরিচয়, বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা থাকলেও পরবর্তীতে বিয়ে না হওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে বিষয়টি আইনি বিরোধে রূপ নিচ্ছে।

সামাজিক প্রভাব ও তত্ত্ব

এই প্রবণতা শুধু আদালতের মামলা বৃদ্ধির কারণ নয়; এটি সমাজে অস্থিরতা, পারিবারিক ভাঙন, মানসিক বিপর্যয় এবং সামাজিক অবিশ্বাসও বাড়িয়ে তুলছে। সমাজবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সামাজিক পরিবর্তন, মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক দুর্বলতার কারণে এ ধরনের অপরাধ বৃদ্ধির কথা বলে আসছেন। বর্তমান বাস্তবতা সেই তত্ত্বগুলোকেই যেন নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের সম্পর্ক তৈরির ধরনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আগে একটি সম্পর্ক গড়ে উঠতে দীর্ঘ সময় লাগত। পরিবার, আত্মীয়স্বজন এবং সমাজের নজরদারি ছিল। এখন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা টিকটকের মাধ্যমে খুব দ্রুত পরিচয় হচ্ছে, ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে এবং অল্প সময়েই আবেগীয় নির্ভরতা তৈরি হচ্ছে। কিন্তু এই দ্রুত সম্পর্কের ভিত অনেক ক্ষেত্রেই দুর্বল। বাস্তবতা যাচাইয়ের আগেই আবেগ প্রাধান্য পাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাজতত্ত্ববিদ এমিল দুর্খেইমের ‘Anomie Theory’ বা সামাজিক বিশৃঙ্খলা তত্ত্ব এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। দুর্খেইম বলেছেন, যখন সমাজের প্রচলিত নিয়ম, নৈতিকতা ও সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে, তখন মানুষ আচরণগত বিভ্রান্তিতে পড়ে এবং অপরাধ ও সামাজিক অস্থিরতা বেড়ে যায়। বর্তমান সমাজে ঠিক সেই অবস্থাই অনেকাংশে দেখা যাচ্ছে। পরিবার ছোট হয়ে গেছে, সামাজিক নিয়ন্ত্রণ কমেছে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রভাব দুর্বল হয়েছে, ফলে তরুণ-তরুণীরা আবেগনির্ভর সিদ্ধান্ত বেশি নিচ্ছে।

পরিবার ও প্রযুক্তির ভূমিকা

আগে পরিবার ছিল একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান। বাবা-মা সন্তানদের জীবনের প্রতিটি বিষয়ে নজর রাখতেন। এখন শহুরে জীবনে বাবা-মা দুজনেই কর্মজীবী। অনেক সন্তান দীর্ঘ সময় বাসায় একা থাকে। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, এ ধরনের মামলার বহু ক্ষেত্রে ভুক্তভোগী তরুণীরা বাসা খালি পেয়ে কথিত প্রেমিককে বাসায় ডেকে এনেছে এবং একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে। অধিকাংশই মনে করেছে, যেহেতু ভবিষ্যতে বিয়ে হবে, তাই এতে কোনো সমস্যা নেই। কিন্তু পরে যখন প্রতিশ্রুতি ভেঙে যায়, তখন সম্পর্কটি আইনি সংকটে রূপ নেয়।

সমাজতত্ত্ববিদ রবার্ট মার্টনের ‘Strain Theory’ বা চাপ তত্ত্বও এই বাস্তবতাকে ব্যাখ্যা করে। মার্টন বলেন, সমাজ মানুষকে কিছু স্বপ্ন ও লক্ষ্য দেখায়, কিন্তু সেই লক্ষ্য অর্জনের বৈধ পথ সব সময় সবার জন্য সহজ থাকে না। তখন অনেকে শর্টকাট বা অনৈতিক পথ বেছে নেয়। বর্তমান সমাজে প্রেম, বিলাসী জীবন, রোমান্টিক সম্পর্ক ও আধুনিকতার একটি কৃত্রিম সংস্কৃতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তরুণ-তরুণী এমন জীবন দেখে প্রভাবিত হচ্ছে। তারা দ্রুত আবেগীয় ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, কিন্তু সম্পর্কের দায়িত্ব নিতে পারছে না।

ভুক্তভোগীদের বয়স ও মানসিক অবস্থা

বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ভুক্তভোগীদের একটি বড় অংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। এই বয়সে আবেগ প্রবল থাকে, কিন্তু বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা কম থাকে। অনেক তরুণী প্রেমকে জীবনের চূড়ান্ত সত্য মনে করে। কেউ ‘আমি তোমাকে বিয়ে করব’, ‘তুমি শুধু আমার’, ‘আমার পরিবার রাজি হয়ে যাবে’—এ ধরনের কথা বললে তারা সহজেই বিশ্বাস করে ফেলে। কিন্তু বাস্তবতা ভিন্ন হলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

সমাজতত্ত্ববিদ চার্লস কুলি ‘Looking Glass Self’ তত্ত্বে বলেছেন, মানুষ অন্যের দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজেকে মূল্যায়ন করে। বর্তমান সমাজে তরুণ-তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশংসা, ভালোবাসার ভাষা ও আবেগীয় স্বীকৃতির উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে। কেউ ভালোবাসার অভিনয় করলে তারা দ্রুত সেই সম্পর্ককে নিজের জীবনের কেন্দ্র মনে করে। ফলে প্রতারণার শিকার হলে তাদের মানসিক ভাঙনও গভীর হয়।

আরও উদ্বেগের বিষয় হলো, পরিত্যক্তা ও বিধবা নারীরাও এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। একাকীত্ব, সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে অনেক প্রতারক সম্পর্ক গড়ে তোলে। শুরুতে তারা সহানুভূতি দেখায়, পাশে থাকার আশ্বাস দেয়, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। পরে শারীরিক সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকেই সম্পর্ক অস্বীকার করে। তখন নারীটি সামাজিকভাবে অপমানিত, মানসিকভাবে বিধ্বস্ত এবং আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন।

আইনি ও সামাজিক চাপ

এ ধরনের মামলার সংখ্যা বৃদ্ধির কারণে আদালতেও চাপ বাড়ছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে মামলার জট দিন দিন বাড়ছে। তদন্ত কর্মকর্তাদের জন্যও বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কের শুরুতে দুই পক্ষের সম্মতি থাকে। পরে সম্পর্ক ভেঙে গেলে অভিযোগ ওঠে যে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা হয়েছে। তখন মোবাইল কললিস্ট, চ্যাটিং, ছবি, ভিডিও, সাক্ষ্য এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করতে হয়।

সমাজতত্ত্ববিদ ট্রাভিস হিরশির ‘Social Control Theory’ অনুযায়ী, মানুষ যখন পরিবার, সমাজ, শিক্ষা ও নৈতিকতার সঙ্গে দুর্বলভাবে যুক্ত থাকে, তখন অপরাধপ্রবণতা বাড়ে। বর্তমান সমাজে এই বন্ধনগুলো দুর্বল হয়ে যাচ্ছে। সন্তানদের সঙ্গে পরিবারের মানসিক দূরত্ব বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার চর্চা কমেছে। ফলে তরুণরা অনেক ক্ষেত্রে নিজের আবেগ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।

বাস্তবে দেখা যায়, অনেক সম্পর্ক খুব দ্রুত শারীরিক সম্পর্কে রূপ নিচ্ছে। অথচ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাস্তব কোনো ভিত্তি থাকে না। চাকরি নেই, আর্থিক স্থিতি নেই, পারিবারিক সম্মতি নেই—তবুও বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। পরে বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক পুরুষ পিছিয়ে যায়। তখন নারীটি নিজেকে প্রতারিত মনে করে আইনের আশ্রয় নেয়।

সামগ্রিক প্রভাব

সমাজে এর প্রভাব অত্যন্ত গভীর। প্রথমত, পরিবারগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ছে। দ্বিতীয়ত, তরুণ সমাজের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে। তৃতীয়ত, সামাজিক মূল্যবোধ দুর্বল হচ্ছে। চতুর্থত, আদালতে মামলার চাপ বৃদ্ধি পাচ্ছে। পঞ্চমত, অনেক তরুণী সামাজিকভাবে অপমানিত হয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যা, ব্ল্যাকমেইল, পারিবারিক ভাঙন এবং সহিংস ঘটনাও ঘটছে।

সমাজতত্ত্ববিদ আলবার্ট বান্দুরার ‘Social Learning Theory’ অনুযায়ী, মানুষ সমাজ ও পরিবেশ দেখে আচরণ শেখে। বর্তমানে সিনেমা, ওয়েব সিরিজ, টিকটক সংস্কৃতি এবং অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক তরুণকে সম্পর্ক ও শারীরিক বিষয়কে খুব সাধারণ ও ঝুঁকিহীন হিসেবে উপস্থাপন করছে। কিন্তু বাস্তব জীবনের দায়িত্ব, সামাজিক সম্মান এবং আইনি জটিলতার বিষয়গুলো সেখানে অনুপস্থিত থাকে। ফলে তরুণরা বাস্তবতা না বুঝেই আবেগের পথে হাঁটে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রেমিক সম্পর্কের ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করে রাখে। পরে সম্পর্ক ভেঙে গেলে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। এতে নারীটি আরও অসহায় হয়ে পড়ে। কেউ পরিবারকে বলতে পারে না, কেউ সমাজের ভয়ে চুপ থাকে, আবার কেউ বাধ্য হয়ে আইনের আশ্রয় নেয়।

প্রতিকারের পথ

এই বাস্তবতাকে শুধুমাত্র আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ এটি মূলত একটি সামাজিক ও নৈতিক সংকট। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী ধরনের সম্পর্কে জড়াচ্ছে—এসব বিষয়ে সচেতন নজর রাখতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং ডিজিটাল সচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। তরুণদের বুঝাতে হবে, শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে জীবন সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। ভালোবাসা মানে শুধু আবেগ নয়; এর সঙ্গে দায়িত্ব, সম্মান ও সততাও জড়িত।

পুরুষদেরও দায়িত্বশীল হতে হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে অস্বীকার করা শুধু আইনি নয়, নৈতিক অপরাধও। একজন নারীর জীবন, সম্মান ও ভবিষ্যৎ নিয়ে খেলা করা মানবিকতার পরিপন্থী।

একইভাবে নারীদেরও সচেতন হতে হবে। শুধুমাত্র কথার উপর বিশ্বাস করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সম্পর্কের ক্ষেত্রে সময় নিতে হবে, বাস্তবতা যাচাই করতে হবে এবং নিজের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।

আজকের সমাজে প্রযুক্তি যেমন মানুষের যোগাযোগ সহজ করেছে, তেমনি সম্পর্কের ঝুঁকিও বাড়িয়েছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার, পারিবারিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধের সমন্বয় অত্যন্ত জরুরি।

সবশেষে বলা যায়, ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বৃদ্ধি বাংলাদেশের সমাজে এক গভীর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু একটি আইনি বিষয় নয়; এটি পারিবারিক দুর্বলতা, নৈতিক অবক্ষয়, সামাজিক নিয়ন্ত্রণের ভাঙন এবং প্রযুক্তিনির্ভর সম্পর্কের একটি জটিল প্রতিফলন।

সমাজতত্ত্ববিদদের তত্ত্বগুলো আমাদের দেখায়, যখন সমাজের নিয়ন্ত্রণ দুর্বল হয়, মূল্যবোধ ভেঙে পড়ে এবং আবেগ বাস্তবতার উপর প্রাধান্য পায়—তখন সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধি পায়। তাই এই সংকট মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ব এবং নৈতিক শিক্ষার বিকল্প নেই।

লেখক: ড. মো. রুহুল আমিন সরকার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা।