রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন। শনিবার (২ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সিলেট সফর, বিএনপির স্মরণ সভা, জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ এবং ডিএসসিসির প্রশাসকের ভিত্তিপ্রস্তর স্থাপন।

প্রধানমন্ত্রীর সিলেট সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারে যাবেন এবং মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় সিলেটের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিএনপির কর্মসূচি

সাবেক জিয়া পরিষদ চেয়ারম্যান ডা. মো. আব্দুল কদ্দুসের মৃত্যুতে সকাল ১০টায় শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভায় আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদীন ফারুক ও যুগপৎ আন্দোলন শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ

বাংলাদেশের দলিত, হরিজন, তফসিলি তথা জনজাতি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, অধিকারহীনতা ও বৈষম্যের বিরুদ্ধে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শ ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সহযোগী সংগঠন ‘জাতীয় জনজাতি জোট’। বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরআই) দলিত জনগোষ্ঠীর ঐক্য, সংগ্রাম ও আত্মমর্যাদার এই ঐতিহাসিক যাত্রার সূচনায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ ও উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির প্রশাসক

বেলা ১১টায় ডিএসসিসির অঞ্চল-২ এর ৫ নম্বর ওয়ার্ড হক সোসাইটি আবাসিক এলাকার রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।