ধানক্ষেতে গরু চড়ানো নিয়ে দোয়ারাবাজারে বৃদ্ধ খুন, আটক ২
ধানক্ষেতে গরু চড়ানো নিয়ে দোয়ারাবাজারে বৃদ্ধ খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেতে গরু চড়ানোকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন (৬০) ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের দেলোয়ারনগর এলাকার বাসিন্দা মৃত কফিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন তার গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতে ফসল খাওয়ান। বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যান। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশে রওনা হলে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে মৃত্যু

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ