সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও অ্যাপারেলস এমডির আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও অ্যাপারেলস এমডির আয়কর নথি জব্দের নির্দেশ

ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজিব মারুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অভিযোগ

বুধবার দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তিনি নিজ নামে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে সেগুলো এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে অসংখ্য সন্দেহজনক লেনদেন করে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোহাম্মদ আবু রাজিব মারুফের বিরুদ্ধে অভিযোগ

একই দিনে দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ–দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগে তার বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ