রাজধানীতে অভিযান: ৮ কেজি হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ৮ কেজি হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। জব্দ করা হয়েছে আট কেজি হেরোইন, এক লাখ ৬০ হাজার ইয়াবা, ২৫৫ কেজি গাঁজা ও ৫৫৯ বোতল ফেনসিডিল।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতারকৃতরা হলেন, সালমান হোসেন (২১), জাহাঙ্গীর আলম (৩৫), হাসান (৩১), ময়ূরী (২৪), আবুল কালাম (৪১) ও আশানুর (২৮)। সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

অভিযানের বিবরণ

ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসির উদ্দিন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকালে ডিবি মতিঝিল বিভাগের একটি দল রমনা থানার শহীদ ক্যাপ্টেন মনছুর আলী সরণি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সালমান হোসেন ও জাহাঙ্গীর আলমকে আট কেজি হেরোইনসহ আটক করা হয়। ডিবি রমনা বিভাগের অন্য একটি অভিযানে কাকরাইল সুপার মার্কেটের সামনে থেকে হাসান ও ময়ূরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। এর আগে একইদিন সকালে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ২৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হন আশানুর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেকটি অভিযান

এছাড়া আজ সকালে কাপ্তান বাজার এলাকা থেকে আবুল কালামকে এক লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ।

মাদক কারবারি চক্র

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা একটি সংগঠিত মাদক কারবারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ