বগুড়ায় জমি বিরোধে চাচাতো দুই ভাই খুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দুই ভাই প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) ও তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
ঘটনায় জড়িত চাচা রেজাউল করিম ও তাঁর ছেলে রাব্বি মণ্ডল (২৭) আত্মগোপনে রয়েছেন। অপর চাচাতো ভাই আবদুল আহাদ (২৩) পুলিশ গ্রেফতার হয়েছে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিনের জমি বিরোধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে রেজাউল করিম ও তাঁর দুই ছেলের সঙ্গে জামিল ও তোফাজ্জলের পরিবারের ঝগড়া বাঁধে। বাগ্বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে রেজাউল ও তাঁর দুই ছেলে আহাদ ও রাব্বি ইয়াছিন আলী ও সুমনকে ছুরিকাঘাত করেন।
এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলী মারা যান। গুরুতর আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশি তৎপরতা
খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আবদুল আহাদকে আটক করে তাঁর কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলছে।



