রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামি মো. নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর মতিঝিল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শেষে রবিবার (১৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে এ দিন নাজিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রিয়াজ হোসেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার সিলুমপুর গ্রামের জয়নাল মোল্লার ছেলে নাজিম।
মামলার বিবরণে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটের একটি চালান ঢাকায় আনে মতিঝিল এলাকায় লেনদেন করবে বলে। এই খবর পেয়ে গত বছরের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে আসা ওই বাসের গতিরোধ করা হয়। এ সময় গাড়ি থেকে স্কুল ব্যাগসহ নাজিম নামার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার স্কুল ব্যাগ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগে পুরাতন গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০টি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। এ সময় তার কাছে থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে ওই দিনই মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৯ মার্চ এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে নাজিমের বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ছয় জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আদালত থেকে নাজিমের সাজার রায় এলো।



