পুরান ঢাকায় চুরির অপবাদে পিটিয়ে হত্যা, স্ত্রীর বিচার দাবি
পুরান ঢাকায় চুরির অপবাদে পিটিয়ে হত্যা, স্ত্রীর বিচার দাবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় চুরির মিথ্যা অভিযোগ এনে ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় ও পরিবারের বক্তব্য

নিহত ইউসুফ কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ ১ নম্বর গলির হায়দার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সেখানে বসবাস করতেন। নিহতের মা ময়না বেগম জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকজন ব্যক্তি ইউসুফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চকবাজারের কামালবাগে ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের নিজ বাড়ির ভেতরে থাকা একটি পলিথিনের গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি সংঘবদ্ধ দল চুরির অভিযোগ তুলে তার হাত-পা বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। পরিবারের দাবি, এ নির্যাতনের একপর্যায়ে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়।

স্ত্রীর অভিযোগ ও দাবি

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, 'আমার স্বামীকে সকালে একটি পলিথিনের গোডাউনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর একটি সংঘবদ্ধ চক্র চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার স্বামী যদি সত্যিই কোনো অপরাধ করেও থাকে, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বা আমাদের পরিবারকে জানানো উচিত ছিল। এভাবে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আমার স্বামীর হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সদস্যরা আরও জানান, খবর পেয়ে ইউসুফের স্ত্রী ঘটনাস্থলের ওই পলিথিন গোডাউনে গেলে সেখানে তিনি স্বামীর লাশ দেখতে পান। পরে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির পরিবারের সদস্যদের জানান, তিনি বিষয়টি বিচার করে দেবেন এবং মামলা না করার পরামর্শ দেন। এরপর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তদন্ত

চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কামালবাগ এলাকায় চুরির অভিযোগে ইউসুফ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়নি। তবে পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।