বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল কাদের ওরফে সজীব (৩১) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে রাজশাহীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
আবদুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সজীব নামে পরিচিত। তার বাবার নাম কামরুল ইসলাম। জানা গেছে, বুধবার সকালে ‘ডিয়া ব্লগ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান প্রসঙ্গ
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধনকে কেন্দ্র করে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেন।
ভিডিওতে দেখা যায়, শিমুলের নেতৃত্বে কয়েকজন টিকটকার ব্যক্তিগত গাড়িতে নওগাঁর আত্রাইয়ের পতিসরে যাওয়ার সময় মাঝপথে থেমে ভিডিও ধারণ করেন। সেখানে মন্ত্রীকে নিয়ে ট্রল ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। ওই ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রতিক্রিয়া ও ক্ষমা
ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপির নেতারাও ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলেও অন্যরা সেটি সংরক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
ওই কনটেন্ট ক্রিয়েটর আরেকটি ভিডিও প্রকাশ করে নিজের কান ধরে ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি বলেন, তিনি ফানি ভিডিও তৈরি করেন। সে কারণে রবীন্দ্র মেলার উদ্বোধন নিয়েও ফানি ভিডিও করেছিলেন।
গ্রেপ্তার ও মুক্তি
এদিকে বুধবার রাতে যুবদল, তাঁতী দল ও বিএনপির নেতারা আবদুল কাদেরকে মারধর করে পুলিশে সোপর্দ করে। তাদের দাবি, একজন সম্মানিত ব্যক্তি ও মন্ত্রীকে যেভাবে হেয় করে কথা বলা হয়েছে, তা মানহানিকর।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘থানায় সোপর্দ করা কনটেন্ট ক্রিয়েটর ভুল স্বীকার করায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কোনও বাদী না থাকায় ও আমল যোগ্য অপরাধী না হওয়ায় কোনও ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়নি।’



