ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের ০৯ মে এই সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান পরামর্শ দেন।
তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো. কবীরুল হাসান বলেন, ‘তোমরা এখন কেউ মাদক সেবন কর না। এটি জেনেও আমরা তোমাদের কাছে এসেছি। কারণ, তোমাদের সামনে হাতছানি রয়েছে, যাতে তোমরা কোনো হাতছানিতে পড়ে মাদকের দিকে ধাবিত না হও। মাদকাসক্ত হওয়ার আগে থেকেই সচেতন হওয়া গেলে তোমরা অনেক নিরাপদ থাকবে মাদক থেকে।’
মাদকাসক্তি থেকে সাবধান
তিনি আরও বলেন, ‘মাদকাসক্তি শুরু হওয়ার পর তা থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। তাই কৌতূহল বা কারো প্ররোচনায় পড়ে জীবনের প্রথম ভুলটি যেন কেউ না কর, সে বিষয়ে তোমাদের সব সময় সজাগ থাকতে হবে।’ সভায় শিক্ষার্থীরা মাদকবিরোধী নানা বিষয়ে প্রশ্ন করে এবং পরামর্শ গ্রহণ করে।



