স্বর্ণের দুলের লোভে গৃহবধূ হত্যা, গ্রেফতার রাজমিস্ত্রি
স্বর্ণের দুলের লোভে গৃহবধূ হত্যা, গ্রেফতার রাজমিস্ত্রি

ফেনীতে গৃহবধূ রিনা আক্তার হত্যা মামলার প্রধান সন্দেহভাজন রাজমিস্ত্রি সাইফুল হককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ফেনী পিবিআই পুলিশ সুপার উক্য সিং যুগান্তরকে জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুল উদ্ধারে গ্রেফতার সাইফুলকে নিয়ে অভিযানে রয়েছেন পিবিআই সদস্যরা। রাতের মধ্যে তাকে নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীতে ফেরার কথা রয়েছে।

হত্যাকাণ্ডের বিবরণ

ফেনীর শর্শদীর চোছনা গ্রামে নির্মাণাধীন একটি ভবনের কক্ষে মঙ্গলবার বিকালে গৃহবধূ রিনা আক্তারকে হত্যা করে লাশ বালিতে পুঁতে রেখে পালিয়ে যায় রাজমিস্ত্রি সাইফুল হক। এ ঘটনায় পরদিন নিহতের বড় ছেলে মহরম আলী আরজু বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিবিআই পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে সাইফুল হক। তিনি একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জিজ্ঞাসাবাদে সাইফুল হক পুলিশকে জানান, ঘটনার দিন বিকেলে রিনা আক্তারের নির্মাণাধীন ঘরে সে রাজমিস্ত্রির কাজ করছিল। ওই সময় রিনা আক্তার ঘরের কাজ দেখাশোনা করার জন্য আসেন। তখন তার কানে স্বর্ণের দুল দেখে সাইফুলের ভেতর লোভ দেখা দেয়। নির্মাণাধীন ওই ঘরের আশপাশে বাড়িঘর না থাকায় নিরিবিলিতে সে কানের দুল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

ঘটনার পরবর্তী অবস্থা

কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় রিনা আক্তার বাধা দিলে শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। একপর্যায়ে গলাটিপে ধরলে নিস্তেজ হয়ে যান রিনা আক্তার। পরে ঘরের বালি খুঁড়ে গর্ত করে লাশ পুঁতে রেখে পালিয়ে যায় সে। সাইফুল পুলিশকে জানিয়েছেন, হত্যা করা তার উদ্দেশ্য ছিল না। কানের দুল ছিনিয়ে নিতে গলা চেপে ধরলে দম বন্ধ হয়ে মারা যান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সুপার আরও জানান, সাইফুল ওই রাতে ফেনীর মহিপালে একটি হোটেলে এক নারীর সঙ্গে রাত কাটায়। তার পরিকল্পনা ছিল, রাত গভীর হলে ওই ঘর থেকে লাশ তুলে অন্যত্র ফেলে দেবে; কিন্তু এর আগেই লাশ উদ্ধার হয়ে যাওয়ায় সে পরদিন চট্টগ্রাম আত্মীয়ের বাড়িতে পালিয়ে যায়। প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে পিবিআই।

সাইফুল হক চোছনা গ্রামের জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। হত্যাকাণ্ডের শিকার রিনা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার স্ত্রী।