রাজধানী ও গাজীপুরে অভিযানে ৩৪ লাখ জাল টাকাসহ তিন গ্রেপ্তার
রাজধানী ও গাজীপুরে অভিযানে ৩৪ লাখ জাল টাকাসহ তিন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও গাজীপুরে গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।

অভিযানের বিবরণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং তা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে মজিবুরের দেওয়া তথ্যে বেলা দুইটার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জাম

ডিবি কর্মকর্তা অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালি রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপযুক্ত সাদা কাগজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চক্রের কার্যক্রম

শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা জাল টাকা তৈরির চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে আসছেন। এই জাল টাকা তাঁরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে সহযোগীদের মাধ্যমে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

আইনি ব্যবস্থা

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি। তাঁদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ