হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সোহেল মাহমুদ নিহত
নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি চানন্দী ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করছিল। বুধবার সকালে তিনি মোটরসাইকেলযোগে সুবর্ণচরের অস্থায়ী বাসা থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে তার মোটরসাইকেলটি হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সুবর্ণ পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যান এবং পেট, হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হন।
চিকিৎসার পথে মৃত্যু
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রথমদিকে তার আঘাত গুরুতর মনে না হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছার আগেই দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার পর সোহেল মাহমুদ নিজেই উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন; কিন্তু পরবর্তীতে অভ্যন্তরীণ আঘাতের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
শোক ও প্রতিক্রিয়া
তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা তাকে একজন ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য প্রদান করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



