জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গোপীনাথপুর হাট অফিসের একটি কক্ষে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আগুনের তাপে একটি যন্ত্র ব্যবহার করে পাইপের মাধ্যমে কোনো পদার্থ গ্রহণ করছেন এক ব্যক্তি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অনেকে দাবি করেন, ভিডিওতে থাকা ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং সেখানে উপস্থিত অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দলের প্রতিক্রিয়া
এবিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কর্মকাণ্ড কোনো নেতা-কর্মী ঘটালে দল তার দায়ভার নিবে না। ভিডিওটির বিষয়ে আমি জেলার নেতাদের সাথে আলোচনা করেছি, মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতির সাথে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।



