বিএনপি এমপির পুরস্কার ঘোষণা: ডাকাতি মামলার আসামি ধরতে ৫০ হাজার টাকা
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম এক প্রবাসী পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনায় মামলার আসামিদের ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়াও, ডাকাত ধরতে গিয়ে আহত হলে চিকিৎসা ব্যয় বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ভাউপুর গ্রামের বাসিন্দা প্রবাসী নাসির উদ্দিন গত ৮ মার্চ রাত ১০টার দিকে অটোরিকশা করে তার শ্বশুরবাড়ি কিসমত গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশাটি ভাউপুর গ্রামের আলী মিয়ার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা সাদ্দাম হোসেন ও ইলিয়াস অটোরিকশাটি গতিরোধ করে।
এ সময় প্রবাসী নাসিরকে গলায় ছুরি ধরে অটোরিকশা থেকে নামিয়ে পাশের ভাউপুর দক্ষিণপাড়া নুরানি তালিমুল মাদ্রাসার ছাদে নিয়ে যান সাদ্দাম ও ইলিয়াস। সেখানে তাকে মারধর করে তার কাছে টাকা-পয়সা আছে কিনা জানার চেষ্টা করেন তারা।
ওই সময় তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাসির তার টাকা শ্বশুরবাড়িতে আছে বলে জানান। পরে রাত পৌনে ১১টার দিকে নাসিরকে জিম্মি করে শ্বশুর হাজি হাশেমের বাড়িতে নিয়ে যান।
জিম্মি ও লুটপাট
এ সময় সাদ্দাম ও ইলিয়াসের সঙ্গে যোগ দেন একই গ্রামের শাহ আলম প্রকাশ মো. সালাউদ্দিন (৩২), মো. রাসেল (৩৫) এবং কামাল হোসেন (৩৫)। এরপর সংঘবদ্ধ হয়ে নাসিরের শ্বশুরবাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন।
এরপর নাসিরের এক বছর বয়সি ছেলে নাফিসের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা এবং তার স্ত্রীর ব্যবহৃত প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান।
এমপির হস্তক্ষেপ ও পুরস্কার ঘোষণা
পর দিন গ্রামবাসী একজোট হয়ে সন্ত্রাসীদের বিচার দাবি করে স্থানীয় সংসদ সদস্য আবুল কালামকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য মনোহরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের ভুক্তভোগী প্রবাসী নাসির উদ্দিনের বাড়ি পরিদর্শনকালে তিনি আসামিদের ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার এবং আহত হলে চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলা ও গ্রেফতার
সোমবার (৯ মার্চ) ভুক্তভোগী নাসির উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে সাদ্দাম ও শাহ আলম (সালাউদ্দিন) নামে দুজনকে গ্রেফতার এবং লুট করে নেওয়া চার ভরি স্বর্ণসহ এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মনোহরগঞ্জ থানার ওসি শাহিনুর ইসলাম জানান, ডাকাতি মামলায় সাদ্দাম হোসেন ও শাহ আলম নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
