বিএনপির তিন সন্তান সংসদে: রাউজানের চাচা-ভাতিজাসহ ঐতিহ্যবাহী পরিবারের জয়
বিএনপির তিন সন্তান সংসদে: রাউজানের চাচা-ভাতিজাসহ জয়

বিএনপির তিন সন্তান সংসদে: রাউজানের চাচা-ভাতিজাসহ ঐতিহ্যবাহী পরিবারের জয়

চট্টগ্রামের তিনটি পৃথক আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রাউজানের তিন সন্তান। তবে এবার রয়েছে ভিন্নতা। আগের সংসদে একই ওয়ার্ড ও একই গ্রামের তিনজন সংসদ-সদস্য নির্বাচিত হলেও এবার পৃথক দুই গ্রামের তিনজন সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে রাউজানবাসীর মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

নির্বাচিত প্রার্থীদের পরিচয়

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে সাঈদ আল নোমান। তিনজনই বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরী-এর দ্বিতীয় ছেলে। আর হুম্মাম কাদের চৌধুরী হলেন ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী এর দ্বিতীয় ছেলে। তারা চাচা-ভাতিজা।

অন্যদিকে, সাঈদ আল নোমানের বাড়ি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের দুইবারের সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমানের ছেলে।

রাউজানবাসীর প্রতিক্রিয়া

রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, "রাউজান দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের তিন সন্তান একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করায় রাউজানবাসী গর্বিত।"

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই ঘটনাপ্রবাহ রাউজানের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, নতুন সংসদ সদস্যগণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।