মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আগামী কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
স্ত্রীর বক্তব্য
মঙ্গলবার (৫ মে) মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন, তিনি এখন বিপদমুক্ত। আমরা আশা করছি, কোরবানির আগেই তিনি দেশে ফিরে আসতে পারবেন।'
অসুস্থতার ঘটনা
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
মালয়েশিয়ায় চিকিৎসা
মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং নিয়মিত থেরাপি নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।



