নোয়াখালীতে ঘোষিত জেলা, পৌর ও সদর উপজেলা কমিটিকে 'পকেট কমিটি' আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। অছাত্র ও বিবাহিতদের নিয়ে কমিটি ঘোষণার অভিযোগ করে তারা প্রতিবাদ জানান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর এগোলে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সড়ক অবরোধ ও যানজট
পরে তারা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ করে এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা না গেলেও তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলন ও পদত্যাগ
বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। এ সময় ঘোষিত কমিটির ১০ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, যারা দলের জন্য ত্যাগী তাদের মূল্যায়ন না করে অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে অনতিবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
উপস্থিত নেতাকর্মীরা
বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজীব, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



