পানছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলায় চারজন আহত
পানছড়িতে বিএনপি-জামায়াত হামলায় চার আহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এই ঘটনা ঘটে।

আহতদের পরিচয়

আহতরা হলেন- পানছড়ি উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ মনজুর, ইউনিয়ন যুবদলের কর্মী লুৎফর রহমান ও আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জামায়াতের অভিযোগ

খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর ইউসুফ অভিযোগ করে বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিতভাবে জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির বক্তব্য

অন্যদিকে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপিকর্মী আহত হয়েছেন। এটি তাদের ব্যক্তিগত বিষয়, এখনো বিএনপি জড়িত নয়।

চিকিৎসা ও আইনি প্রক্রিয়া

এদিকে আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। একজনের মাথায় আঘাত রয়েছে আর একজনের হাতের আঙুল ভেঙ্গে গেছে। এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করানোর জন্য একজনকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।