ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক (৩২) কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ
এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে মানিকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়।
চিকিৎসা ও প্রতিক্রিয়া
মানিক বর্তমানে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের বক্তব্য
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



