বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা বিএনপিকেই সমাধান করতে হবে। বুধবার রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত 'গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোট অব ডিসেন্ট নিয়ে ক্ষোভ
জামায়াত সেক্রেটারি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নোট অব ডিসেন্ট বাদে সব মানবো, এর কোনো মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি।
তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।
সংবিধান সংস্কারের আহ্বান
সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানিমন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই। কিন্তু পাম্পে লাইন কিন্তু কমছে না।
তিনি আরও বলেন, ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই। অথচ দোষ দিচ্ছে শিবিরের ওপর।



