নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। আহত ফরিদুল ইসলাম ও আতাউর রহমান মদন থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছে। অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিঠুর আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়।
আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগে ভিত্তিকে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



