মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক কবির হোসেন ও তার ছোট ভাই তকবির হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের অবস্থা
আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গুরুতর আহত কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দোসরপাড়া এলাকায় কবির হোসেনের তত্ত্বাবধানে একটি লালন চর্চাকেন্দ্র রয়েছে।
হামলার কারণ
ওই চর্চাকেন্দ্র ও সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার চর্চাকেন্দ্রের সীমানাপ্রাচীর নির্মাণকাজ চলাকালে একদল ব্যক্তি সেখানে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কবির হোসেনকে আঘাত করে গুরুতর জখম করে। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ছোট ভাই তকবির হোসেনকেও মারধর করা হয়।
অভিযোগ
আহত কবিরের স্বজনরা অভিযোগ করেন, লতব্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাদবরের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। হামলায় তার ছেলে তৌহিদ মাদবর, জাহেদ মাদবর, আলাউদ্দিন মাদবর, শাহরিয়ার মাদবর, সংগ্রাম, সাহিল ও আহম্মদ মাদবরসহ আরও কয়েকজন অংশ নেয়।
এদিকে হামলার ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযোগের মূল হোতা জাহাঙ্গীর মাদবরকে আটক করেছে।
প্রতিক্রিয়া
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা দু:খজনক। কেউ দলের পরিচয় ব্যবহার করে কোন অন্যায় কাজ করে পার পাবেনা। বিষয়টি আমরা খোজ নিয়ে ব্যবস্থা নিব।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।



