রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খানকে দল থেকে বহিষ্কারের মৌখিক নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
বহিষ্কারের পটভূমি
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, আইয়ুব খানের ভাঙারির দোকান থেকে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামালসহ বিদেশি মদ উদ্ধারের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি এই নির্দেশ দেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আইয়ুব খান, তার দুই ছেলে আরিফ ও অনিক এবং শ্যালক হালিমসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়।
এ ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রকাশিত হলে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়। এই পরিস্থিতিতে সোমবার রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার পথে ফেরিতে প্রতিমন্ত্রী আইয়ুব খানকে বহিষ্কারের মৌখিক নির্দেশ দেন। এ সময় স্থানীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বহিষ্কারের প্রক্রিয়া
মো. মোহন মণ্ডল জানান, বহিষ্কারের চিঠি প্রস্তুত করা হচ্ছে। আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে তাকে নোটিশ দেওয়া হবে।
ভাঙারির দোকানে অভিযান
এর আগে গত রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব খানের ছেলের নামে থাকা ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেই সময় তিন বোতল বিদেশি মদসহ ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, দৌলতদিয়া বেপারিপাড়ার বাসিন্দা পুলিশ সুপার আহাদের গ্রামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরও এই ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়। এছাড়া সেখানে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল পাওয়া যায়।
আইয়ুব খানের অন্যান্য বিতর্ক
গত তিন দিন ধরে গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আইয়ুব খান ও তার দুই ছেলের কর্মকাণ্ড আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত শুক্রবার রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য কেন্দ্র করে ইয়াকুব আলী পাল নামে এক বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করার মামলায় আইয়ুব খান, তার দুই ছেলে আরিফ ও অনিক এবং মেয়ে জামাই হুমায়ুনকে আসামি করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে আইয়ুব খান মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন।
আইয়ুব খান আগামী নির্বাচনে দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছিলেন।
বহিষ্কার নিয়ে আইয়ুব খানের বক্তব্য
বহিষ্কারের বিষয়ে আইয়ুব খান যুগান্তরকে বলেন, 'ফেরিতে আমিও ছিলাম। প্রতিমন্ত্রী বলেছেন, আপাতত সুলতান ডা. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করুক। পরে বসে আমি বিষয়টি ঠিক করে দেব। মোহন মণ্ডল বানিয়ে বানিয়ে বাড়তি কথা ছড়াচ্ছেন।'



