জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে নাচগান: বিএনপির ৫ নেতাকে শোকজ
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে নাচগান: ৫ নেতাকে শোকজ

জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে নাচগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে (মেম্বার) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এবার ওই ইউনিয়ন বিএনপির ৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করে ৭ দিনের মধ্যে যুক্তিসঙ্গত উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপে অভিযুক্ত থাকার অপরাধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ শোকজে সতর্ক করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা রোববার রাতে যৌথ স্বাক্ষরে এ কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত বিএনপি ও যুবদলের নেতারা হলেন- আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, সোনামুখী ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ও সোনামুখী ইউনিয়ন যুবদল নেতা মো. মিনহাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগের বিবরণ

এ কারণ দর্শন ও নোটিশে বলা হয়- গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী তথা দিনটি একটি জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও আপনি ওই দিনে জাতীয় শোক পালন না করে সোনামুখী ইউনিয়নের জাফরপুর স্কুল মাঠে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে ছিলেন যা সংগঠনের নীতিবহির্ভূত একটি গর্হিত কাজ। এ ব্যাপারে আপনার অনুষ্ঠানে অতিথিদের তালিকায় যাদের নাম দিয়েছিলেন তাদের কারো কোনো সম্মতিও নেননি, এটিও একটি বড় ধরনের সংগঠনবিরোধী কাজ। এ ধরনের সংগঠনের স্বার্থের পরিপন্থি কাজের জন্য আপনাদের বিরুদ্ধে এই কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলো। নোটিশটি প্রাপ্তির তারিখ হতে ৭ দিনের মধ্যে যুক্তি সঙ্গত উত্তর থাকলে তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপে অভিযুক্ত থাকার অপরাধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী বহিষ্কার

উল্লেখ্য, একই অভিযোগে জেলা বিএনপি গত রোববার আক্কেলপুরের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে (মেম্বার) স্থায়ীভাবে বহিষ্কার করে। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শোকাবহ দিনে এ ধরনের অসাংগঠনিক ও অশ্লীল কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর প্রভাব এড়াতে ৩০ মের ওই নিন্দনীয় ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।