জিয়াউর রহমানের আদর্শেই এগোবে বাংলাদেশ: এমরান সালেহ প্রিন্স
জিয়াউর রহমানের আদর্শে এগোবে বাংলাদেশ: এমরান সালেহ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশ জিয়াউর রহমানের আদর্শেই এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশে জিয়াউর রহমান চির প্রাসঙ্গিক। তার কালজয়ী রাজনীতি দেশের সার্বভৌমত্ব সুসংহত ও জাতীয় স্বার্থ রক্ষা এবং স্বনির্ভর জাতি গঠনে আজও দিকনির্দেশনা দেয়। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তার রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

শাহাদৎবার্ষিকীর আলোচনা সভা

শনিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করে।

জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব

এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তিনি উৎপাদন বৃদ্ধি, কৃষি উন্নয়ন, শিল্পায়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। তার দূরদর্শী নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি রচনা করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং জনগণের ক্ষমতায়ন। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হচ্ছে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। সে কারণেই তিনি অতি অল্প সময়ের মধ্যেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এবং গণতন্ত্রের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শাহাদৎবার্ষিকী থেকে শিক্ষা

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী কেবল শোকের দিন নয়, তার আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার মধ্য দিয়েই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

দোয়া ও তবারক বিতরণ

আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং অসহায় দুঃস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় কর্মসূচিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হাবিবুর রহমান, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, সোলায়মান সরকার, মাহবুবুল আলম, ওয়াহেদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।