ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। আগেই টিকিট সংগ্রহ করা যাত্রীরা বলছেন, মহাখালী থেকে সময়মতোই গাড়ি ছাড়ছে এবং তেমন ঝক্কি-ঝামেলা নেই।
মহাখালী টার্মিনালের চিত্র
ভোর থেকে মহাখালী বাস টার্মিনালে অবস্থান করছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টা পর্যন্ত সব গাড়িই সময় মতো ছেড়ে গেছে এবং যাত্রীরাও তেমন কোনো অভিযোগ করছেন না। তিনি আরও বলেন, ‘গতকাল সোমবার সকাল থেকে আমি গাবতলী বাস টার্মিনালে দায়িত্ব পালন করেছি। সেখানে যাত্রীদের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু সেই তুলনায় মহাখালী বাস টার্মিনালে সব কিছু স্বাভাবিক মনে হয়েছে। যদিও কিছু কিছু যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। তবে তারা এও বলছেন, ঈদের সময় হিসেবে এটা সহনীয়।’
টিকিট সংগ্রহ ও যাত্রা
যারা আগে টিকিট কাটেননি, তাদের কেউ কেউ বাস টার্মিনালে এসে আজ টিকিট কেটে যাত্রা করছেন। তবে টিকিটের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ময়মনসিংহগামী যাত্রী আজহারু ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। আমাদের রুটের অনেক গাড়ির টিকিট আগে করা লাগে না। এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট পেয়ে গেছি। এখান থেকেও নিয়মিতই বাস ছাড়ছে। সড়কে জ্যাম না পেলে হয়তো সময়মতোই বাড়ি পৌঁছাতে পারবো।’
তবে রাতে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গাড়ি এখনও টার্মিনালে এসে পৌঁছায়নি। সেকারণে দুয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।



