নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
ঘটনার বিবরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ মে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা কাউসার আহমেদ ও তাঁর লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। ৮ থেকে ১০ জন সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, পাইপ, লোহার রডসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালান। এ সময় চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কাঞ্চন পৌরসভার ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক তাঁদের বাধা দেন। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সালিসে হামলা
ওই ঘটনায় সোমবার রাতে বিরাবো বাজারে সালিস বসে। সেখানে উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা হয়। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থকেরা উত্তেজিত হয়ে সালিসে হামলা করেন। তাঁরা মোজাম্মেল হককে কুপিয়ে জখম করেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেলকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
পুলিশের বক্তব্য
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



