কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাইরাল

কুমিল্লার তিতাস উপজেলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি দেখা গেছে। মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে', 'আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা' এবং 'এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে'—এমন স্লোগান দিতে শোনা গেছে।

মিছিলের সময় ও স্থান অজানা

গত ৫ আগস্টের পর হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় এই প্রথম তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়েছে বলে জানা গেছে। তবে মিছিলটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত কোনো এলাকায় মিছিলটি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে জানতে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ফেসবুকে ভিডিওটি দেখে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দাউদকান্দি অংশে এ ধরনের কোনো ঝটিকা মিছিল হয়নি এবং কেউ এমন ঘটনা দেখেনি।' তিনি আরও জানান, ভিডিওটি পুরোনো বা অন্য কোথাও ধারণ করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে এবং তারা মাঝে মাঝে ছোট ছোট মিছিল-সমাবেশ করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ