ভ্যানচালক আরিফুল হত্যা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
ভ্যানচালক আরিফুল হত্যায় ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রংপুরের বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা

বহিষ্কৃতরা হলেন—রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সম্রাট। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঘটনার বিবরণ

জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গত ৫ মে বিকালে বদরগঞ্জের একটি কিশোর গ্যাংয়ের নেতা ফিরোজ শাহের সঙ্গে অপর একটি কিশোর গ্যাংয়ের নেতা মমিনুলের অনুসারীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকায় পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। তাকে মমিনুলের লোক ভেবে ফিরোজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান রাব্বি। তিনি বলেন, ভ্যানচালক আরিফুল হত্যার ঘটনায় ওই তিন নেতার নামে বদরগঞ্জ থানায় মামলা হলে জেলা ছাত্রদল তদন্ত করে প্রতিবেদন কেন্দ্রে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। এর আগেও ওই তিন নেতার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় ওই দিন রাতে ফিরোজ শাহ, গোপাল ব্যানার্জি ও মোজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত আরিফুলের বাবা রেজাউল ইসলাম। পুলিশ ও র্যাব বৃহস্পতিবার পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে বহিষ্কৃত বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জিও রয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনার অন্যতম আসামি ফিরোজ শাহ ও সম্রাটসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।