জনগণ সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ: জামায়াত আমির
জনগণ সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

সরকার ও বিএনপির কঠোর সমালোচনা

ডা. শফিকুর রহমান সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, জনগণবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারগুলোও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ভোট ও গণভোট প্রসঙ্গে অভিযোগ

তিনি বলেন, একই দিনে দুটি ভোট হলেও ক্ষমতার জন্য একটি ভোট মেনে নেওয়া হয়েছে, কিন্তু সংস্কারের প্রশ্নে গণভোট মেনে নেওয়া হয়নি। জনগণের দেওয়া রায় সরকার অগ্রাহ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির ফ্যাসিবাদী কাঠামো গড়ার পরিকল্পনা

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। এসময় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অধিকার আদায়ে সবাইকে অনড় থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশজুড়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। অথচ নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় মাতব্বরি করে বেড়াচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতের প্রতিহত করার হুঁশিয়ারি

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, জনগণবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে জামায়াতে ইসলামী শুধু প্রতিবাদই করবে না, তা প্রতিহতও করবে। সব ধরনের অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জামায়াত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণে ভুল করে, তাহলে জনগণ যেন তা ধরিয়ে দেয় এবং প্রয়োজন হলে প্রতিবাদ করে।