নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শামীম মিয়াকে (৪২) গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামির পরিচয় ও গ্রেপ্তার
আসামি শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মুহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে।
হামলা ও ছিনতাই
শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকি-টকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আহত পুলিশ সদস্যরা
আহতরা হলেন, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ, শাহদাৎ হোসেন। তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রেপ্তার
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, পলাতক আসামি শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
মামলা ও আইনি ব্যবস্থা
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, হামলায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।



